ঝিনাইদহে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে চাল, ডাল, তেল ও সবজির দাম বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষ  কষ্টে আছে। সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। মোটা চালের দাম বেড়ে প্রতি কেজি ৪৪ থেকে ৪৫ টাকা, বিআর-২৮ প্রতি কেজি ৫২ টাকা, মিনিকেট ৫৬ টাকা ও বাসমতি প্রতি কেজি  ৬৫-৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ডাল কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। সয়াবিন তেল  দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। সিএনজি চালক রুকু হোসেন বলেন, সবজিসহ সব জিনিসের দাম বেড়েছে। এতে আমরা কষ্টে আছি। চাল ব্যবসায়ী রঞ্জন সাহা বলেন, মিল মালিকরা চালের দাম বাড়িয়েছে। তারা সামান্য লাভে খুচরা দোকানদারদের কাছে বিক্রি করেন। খুচরা ব্যবসায়ীরা কেজিতে ২-৩ টাকা লাভ করে। জেলার বিভিন্ন বাজার সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কোনো পণ্যের ঘাটতি নেই। দোকানগুলো পণ্যে ভরপুর আছে তার পরও প্রতিটা জিনিসের দাম বেড়েছে।