চিলমারীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। শুক্রবার বিকেলে চিলমারী ইউনিয়নের চর শাখাহাতি এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃতরা হলো ঐ গ্রামের জাহাঙ্গীর আলম ও সোনা মিয়া। স্থানীয়রা জানায়, তারা পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এ সময় হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আ. ছামাদকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুরে করোনায় এক জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে জেলায় এক দিনে নতুন করে ১০২ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ২১০ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৬৫ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৪ হাজার ৬৬ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে ৪৯ হাজার ৮৬৩ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি কমপ্লেক্সের ভবন উদ্বোধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জে ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় প্রধান অতিথি ও স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম, উপজেলা আ. লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ প্রমুখ।
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি ‘করোনাকালীন শিক্ষা ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। মূল নিবন্ধ উপস্থাপন করেন সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, ডিডিএলজি (উপসচিব) জিয়া আহমেদ সুমন প্রমুখ।
দুইটি লোহার ব্রিজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ঘাঘট নদীর ওপর নির্মিত দুটি লোহার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ব্রিজ দুটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এমদাদ হোসেন, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুল হক, সহকারী প্রকৌশলী সিহাব উল করীম ও আতাউর রহমানসহ স্থানীয় সুধীজন।
বিট পুলিশিংয়ের উঠান বৈঠক
চাটমোহর (পাবনা) সংবাদদাতা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, উত্ত্যক্তকরণমুক্ত সমাজ গড়তে চাটমোহর পৌরসভায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মো. মাহাতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন। বৈঠকে বক্তব্য দেন থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশীর, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার মাস্ক প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক শোয়েব হোসেন ভুলু শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য এই মাস্কগুলো উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন।
জয়পুরহাটে ফেনসিডিলসহ গ্রেফতার ১
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হলেন জামির ইসলাম জিএস। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, গোপন খবরের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে রাত সোয়া ১০টায় জয়পুরহাট সদর উপজেলার সিএনবি চারমাথার দক্ষিণে কুদ্দুস ডাক্তারের (পশু চিকিত্সক) টিনশেড দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় ১৮৭ বোতল আমদানিনিষিদ্ধ ফেনসিডিলসহ জামির ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
