সাফে বাংলাদেশকে হারাতে প্রস্তুত হচ্ছে ভারত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৮

স্পোর্টস রিপোর্টার

এবার সাফের খেলা হবে মালদ্বীপে। আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে ভারত এই টুর্নামেন্টের ফেভারিট দল। শিরোপার দাবিদার। সাফে ভারতের ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে হারাতে সুনীল ছেত্রীরা প্রস্তুত হচ্ছেন। এরই মধ্যে নেপালে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছেন সুনীলরা। কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুনীল ছেত্রীরা ২-১ গোলে জিতলেও খুব একটা উচ্ছ্বসিত ছিলেন না ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। তার মতে, অনেক উন্নতি করতে হবে ভারতীয় দলকে। তিনি চিন্তিত আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে।

সাফে ভারত ছাড়াও খেলবে বাংলাদেশ, আয়োজক মালদ্বীপ, নেপাল  ও শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দল ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ৪ অক্টোবর। এসব ভাবনা মাথায় রেখে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় কোচ। সাফ জয়ের রণকৌশল তৈরি করতে মাথা খাটাচ্ছেন। মালদ্বীপ রওনা হওয়ার আগে পাঁচ-ছয় দিনের বেশি অনুশীলন করানোর সুযোগ পাবেন না বলে চিন্তিত হয়ে পড়েছেন তিনি।  সমস্যা হচ্ছে জাতীয় দলের ক্যাম্প কোথায় হবে। কোচ চেয়েছিলেন কলকাতাতেই থাকবেন। কিন্তু এখান থেকে সরাসরি মালদ্বীপের বিমান না থাকায় সেটি হচ্ছে না। করোনা সংক্রমণের কারণে ক্যাম্পও করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু অথবা গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে পারেন তিনি। ভারতের ম্যাচের আগেই বাংলাদেশ মাঠে নামবে প্রথম দিন। উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।  এই সাফের জন্য বাংলাদেশ ফুটবল দল কিরগিজস্তানে গিয়ে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলছে। ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে। তিনটিতেই হেরেছে। প্রথম খেলায় ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ গোলে এবং গত বৃহস্পতিবার রাতে শেষ খেলায় কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে। গতকাল বিকালে ঢাকায় ফিরেছে জাতীয় ফুটবল দল। এখন ঢাকায় প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ বাকি রয়েছে। বসুন্ধরা কিংসের তিনটি খেলা শেষ হয়ে গেলে আবার পুরোদমে জাতীয় দলের অনুশীলনে ঝাঁপাবেন কোচ জেমি ডে।