জয়ে সিরিজ শুরু যুব দলের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৮

স্পোর্টস রিপোর্টার

বিশ্বজয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে আকবর আলীদের অধ্যায় শেষ হয়েছিল। করোনার কারণে আকবরদের উত্তরসূরিরা মাঠেই নামতে পারেনি গত দেড় বছর। অবশেষে আফগানিস্তানের যুবাদের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশের নতুন যুব দল।

জয় দিয়েই নিজেদের যাত্রা শুরু করেছে মেহরব হাসানের দল। গতকাল সিলেটে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৬ রানে পরাজিত করেছে বাংলাদেশ যুব দল। ম্যাচে দুই দলের ১৭ ক্রিকেটারের অভিষেক হয়েছে যুব ওয়ানডেতে।

আগে ব্যাট করে টাইগার জুনিয়ররা ৩৮.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। অধিনায়ক মেহেরব সর্বোচ্চ ৪৯, প্রান্তিক নওরোজ নাবিল ৪২ রান করেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ বিলাল সামি ৪টি উইকেট পান।  জবাবে ৪৮.২ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় আফগান যুবারা। সুলিমান সুফি ৪৮, ইজাজ আহমেদ ১৮ রান করেন। বাংলাদেশের রিপন মণ্ডল ৪টি, আশিকুর জামান-নাঈমুর রহমান ২টি করে, মেহেরব-আরিফুল ১টি করে উইকেট নেন।