স্পোর্টস রিপোর্টার
আকিজ সিরামিকসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ প্রথবার অনুষ্ঠিত হচ্ছে মহিলা দাবা লিগ। বৃহস্পতিবার শুরু হয় লিগ। গতকাল তৃতীয় রাউন্ডের খেলা শেষে পুলিশ ও নৌবাহিনী পূর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। চার পয়েন্ট করে নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও তিতাস ক্লাব দ্বিতীয় স্থানে। গতকাল তৃতীয় রাউন্ডের খেলায় পুলিশ ৪-০ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে, নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে হারায়। পুলিশের পক্ষে মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা যথাক্রমে শাহিন চেস ক্লাবের সুমাইয়া খন্দকার, কিশোয়ারা সাজরীন ইভানা, সাবিকুন নাহার তনিমা ও জান্নাতুল ফেরদৌসীকে হারায়। নৌবাহিনীর পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ ও কাজী জারিন তাসনিম যথাক্রমে মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার ও তাসনিয়া তারান্নুম অর্পাকে হারান। আজ চতুর্থ রাউন্ডের খেলা বিকাল ৩টায় শুরু হবে।
