সময়ের প্রয়োজনে আবারও জ্বলে উঠবে পথনাটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:২৪

পথনাটক নিয়ে আলোচনায় বক্তারা বলেছেন, স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে শিল্পমাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ  ভূমিকা রেখেছে পথনাটক। সেই সময় আন্দোলন-সংগ্রামে শিল্পের হাতিয়ার হিসেবে তুমুল জনপ্রিয়তা পায় পথনাটক। পরবর্তী সময়ে নব্বইয়ের দশকের পর থেকে পথনাটকের সেই জনপ্রিয়তা আর ধরে রাখা যায়নি। তবে সময়ের প্রয়োজনে আবারও জ্বলে উঠবে পথনাটক। শিল্পের এই ধারার জন্য কোনো মিলনায়তন বা মঞ্চের প্রয়োজন হয় না। যে কোনো স্থানেই পথনাটক পরিবেশন করা যায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশের নাট্যচর্চায় বিকল্পধারা থিয়েটার’ শীর্ষক এক কর্মশালায় একথা বলেন নাট্যকার ও নির্দেশক মলয় ভৌমিক।

শিল্পকলা একাডেমির ফেসবুকে সম্প্রচারিত এ ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকার ও নির্দেশক অধ্যাপক মলয় ভৌমিক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক অভিজিত্ সেনগুপ্ত। আলোচকরা বলেন, ভবিষ্যতে বিকল্পধারার থিয়েটার হিসেবে মুক্তনাটক, প্রত্ননাটক কিংবা পরিবেশ থিয়েটার সমাজ পরিবর্তে ভূমিকা রাখবে। পরিস্থিতির কারণেই এমনটা ঘটবে।