৯/১১-এর ২০তম বার্ষিকীতে আজ শপথ নিতে পারে তালেবান সরকার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:২৫

আজ ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীতে শপথ নিতে পারে আফগানিস্তানের তালেবান সরকার। যদিও তালেবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে এরই মধ্যে রাশিয়ার সরকার জানিয়েছে, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও রাশিয়া অংশ নেবে না। 

তালেবান সরকারের অভিষেক অনুষ্ঠানে রাশিয়া কোনোভাবেই অংশ নেবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দিমিত্রি পেসকভ বলেন, এ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, আমরা তা জানি না।  তাই আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের প্রথম এবং পরবর্তী ধাপগুলো কী হবে তা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার বলেছিলেন, রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তারা তালেবান সরকারের অভিষেক অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।

এদিকে পাঞ্জশিরে নর্দান অ্যালায়েন্স ও তালেবানের মধ্যে সংঘর্ষে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রুহুল্লা সালেহ নিহত হয়েছেন বলে ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। যদিও তালেবান নিশ্চিত করেনি। পাঞ্জশিরে এখনো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। অন্যদিকে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, তার মতে, মন্ত্রী হওয়া নারীর কাজ নয়। তারা এই দায়িত্ব সামলাতে অক্ষম। সম্প্রতি আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক অনুষ্ঠানে তালেবান মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমির ঐ মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।