অর্থ সংকটে চিনি শিল্প করপোরেশন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৯

আখ চাষিদের পাওনা ২২৫ কোটি টাকা পরিশোধ করতে পারছে না

বিমল সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধি

টাকার অভাবে চাষিদের কাছ থেকে কেনা আখের মূল্য পরিশোধ করতে পারছে না করপোরেশনের ১৫টি চিনিকল। চিনি কলগুলোর কাছে আখ চাষিদের আখের মূল্য বাবদ চাষিদের পাওনার পরিমাণ ২২৫ কোটি টাকা। প্রতিদিনই চাষিদের পাওনার পরিমাণ বাড়ছে। আখ বিক্রির টাকা না পাওয়ায় মিলে মিলে চাষিরা বিক্ষুব্ধ হয়ে উঠছে। তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। এবারও আখের অভাবে চলতি মাড়াই মৌসুমে (২০১৮-২০১৯) চিনির উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এদিকে উত্পাদিত চিনি বিক্রি না হওয়ায় মিলগুলো আরো বিপাকে পড়েছে।

 চিনি শিল্প করপোরেশন সূত্রে জানা যায়, চলতি মাড়াই মৌসুমে মিলগুলোতে ১৬ লাখ ৮২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে এক লাখ ২৫ হাজার মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চিনি রিকভারি হার নির্ধারণ করা হয় ৭ দশমিক ৪৩ ভাগ। ডিসেম্বর থেকে মিল গুলো পর্যায়ক্রমে উত্পাদনে যায়। চিনিকলগুলো হচ্ছে- পঞ্চগড়, ঠাকুরগাঁ, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, জয়পুরহাট, নর্থবেঙ্গল, নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, দর্শনার কেরু এন্ড কোম্পানি, মোবারকগঞ্জ, ফরিদপুর ও জিলবাংলা চিনি কল। দেশের কৃষি ভিত্তিক সর্ব বহত্ শিল্প হচ্ছে চিনি শিল্প। অনেক দিন ধরে এ শিল্প সংকটের মধ্য দিয়ে চলছে। প্রতি বছরই লোকসানের পরিমাণ বাড়ছে। চিনি শিল্প করপোরেশনের হিসাব বিভাগের এক সূত্রে জানা যায়, গত অর্থবছরে (২০১৭-২০১৮) লোকসান হয় সাড়ে ৬০০ কোটি টাকা। এতে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছে।

করপোরেশন প্রতিমণ আখের মূল্য এবার ধার্য করেছে ১৪০ টাকা। জানুয়ারি মাসের পর প্রতি ১৫ দিন অন্তর মণ প্রতি ৫০ পয়সা করে বৃদ্ধি করা হয়। লাভ বেশি হওয়ায় চাষি অন্য ফসল চাষে ঝুঁকছে। যেমন তুলা, সবজি ও ভুট্টা।

করপোরেশন সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মিলগুলোতে চিনি উত্পাদন হয়েছে ৫২ হাজার ৩৫ মেট্রিক টন। চিনি রিকভারির হার শতকরা ৬ দশমিক ১৭ ভাগ। ওই তারিখে করপোরেশনের হাতে মজুত চিনির পরিমাণ ছিল এক লাখ ৬৪ হাজার ৮৪০ দশমিক ৩৯ মেট্রিক টন। অনেক দিন ধরে আমদানিকৃত এ চিনি বিক্রি হচ্ছে না। মিলগুলোর চিনির দাম প্রতি মেট্রিক টন ৫০ হাজার টাকা। অর্থাত্ প্রতি কেজি ৫০ টাকা। অপর দিকে র সুগার আমদানি করে বেসরকারি মিলগুলোতে উত্পাদিত চিনির দাম কম। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫০ টাকা। করপোরেশনের মিলগুলো প্রতিযোগিতায় পারছে না। ডিলাররা মিল থেকে চিনি তুলছে না।