দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জন।
গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৩২৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৮ দশমিক ৬৫ শতাংশ হয়েছে, যা আগের দিন ৮ দশমিক ৭৬ শতাংশ ছিল। শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৮৫৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ এবং চট্টগ্রাম বিভাগের ১০, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা বিভাগের পাঁচ জন, সিলেট বিভাগের এক জন, রংপুর বিভাগের এক জন এবং ময়মনসিংহ বিভাগের দুই জন ছিলেন। মৃত ২৮ জনের ২৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ৩৫ জন সরকারি হাসপাতালে এবং দুই জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এক জনের মৃত্যু বাড়িতে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
