গত ১ বছর আগে প্যারালাইসিস হয়ে দুটি পা অচল হয়ে যায় মনসুর আলীর। সেই থেকে বিছানায় পড়ে আছেন তিনি। গরীব পরিবারের পক্ষে হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় ঘর থেকে বাইরে বিছানায় শুয়েই তার সারাদিন কেটে যেতো। অসুস্থ বৃদ্ধের চলাফেরার জন্য তার স্ত্রী অনেকের দ্বারে দ্বারে ঘুরেও হুইল চেয়ারের ব্যসস্থা করতে পারেন নি। অবশেষে পঙ্গু মনসুর আলীকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করলো ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় মনসুর আলীর বাড়িতে গিয়ে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। এসময় খুশিতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন মনসুর আলী ও তার পরিবার।
বৃদ্ধ মনসুর আলী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামে মৃত ফুরিদ শেখের ছেলে।
মনসুর আলী জানান, কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি। তার উপর ওষুধ কিনতে হয়। গত ১ বছর ধরে আমি অচল। আমার তিনি ছেলে-তিন মেয়ে। অনেক কষ্টে তিন মেয়েকে বিয়ে দিয়েছি। তিন ছেলের আলাদা সংসার। স্ত্রীর সামান্য আয় দিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। অসুস্থ হওয়ায় ১ বছর থেকে হাটা চলা করতে পারিনা। হুইল চেয়ার কেনারও সামর্থ্য নেই। আমার দুর্দশার কথা শুনে কয়েকদিন আগে আমার বাড়িতে এসে একটি নতুন হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ গরীব-দুঃখী মানুষের পাশে আছে, থাকবে।
ইত্তেফাক/বিএএফ
