নতুন টেলিছবিতে নওশাবা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

 বিনোদন রিপোর্ট

 

‘সেই কবে স্কুল ছেড়েছি মনে নেই। এখন আবার স্কুল ড্রেস পরে টিনএজ চরিত্রে অভিনয় করছি। অনেক টেনশন নিয়ে কাজ করছি। যদিও দারুণ একটি গল্পের পাশাপাশি চরিত্রটিও চ্যালেঞ্জিং। তবে চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তোলার।’— নিজের নতুন টেলিছবির কাজ প্রসঙ্গে এমনটাই বললেন অভিনেত্রী নওশাবা আহমেদ। ‘সব সোমার দোষ’ শিরোনামের নতুন একটি টেলিফিল্মে সোমা চরিত্রে অভিনয় করছেন তিনি। টেলিফিল্মটির গল্পে ব্রোকেন ফ্যামিলির সোমা নামের একটা মেয়ের গল্প বলা হবে। যে বাবা-মাকে ছাড়াই বড় হয়েছে। ফলে তার স্বাভাবিক বিকাশ হয়নি। সে ভালো-মন্দের তফাত্ করতেও হিমসিম খায়। এ নিয়ে নওশাবা আরো বলেন, ‘সবাই বলছে সব দোষ সোমার। কিন্তু আসলে কি তাই? নাকি সোমার এই পরিস্থিতির জন্য দায়ী তার বাবা-মা বা এই সমাজ ব্যবস্থা- এসবের উত্তর খোঁজা হবে এই গল্পটির মাধ্যমে। এমন কাজ আমাদের এখানে সচরাচর হয় না। কাজটি করে সত্যিই ভালো লাগছে।’ জানা গেছে, টেলিছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই প্রচারিত হবে।