এপ্রিলের মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৬

রয়টার্স

সিরিয়া থেকে এপ্রিলের শেষ নাগাদ মার্কিন সেনা উপস্থিতি পুরোপুরি সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্চের মাঝামাঝি পর্যায়েই মার্কিন সেনাদের একটি বড় অংশকে সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তেরাষ্ট্রের এক কর্মকর্তা এপ্রিলের মধ্যেই সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছেন। এ প্রক্রিয়ায় সিরিয়ার ইরাক-জর্ডান সীমান্তের কাছের তানফ মার্কিন সামরিক ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান তিনি। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে জয় নিশ্চিত হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরেই দেশটি থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্পের এমন আকস্মিক ঘোষণা তার প্রশাসনের অনেকের পাশাপাশি তুরস্ক এবং আইএস এর সঙ্গে লড়াইরত কুর্দি ও আরব মিলিশিয়া জোটের অনেককেই বিস্মিত করেছিল।

সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্রের কাছে ওয়াল স্ট্রিটের প্রতিবেদন বিষয়ে জানতে চাওয়া হলে তিনি পেন্টাগনের মুখপাত্র কমান্ডার শন রবার্টসনের মন্তব্যের কথা উল্লেখ করেন। রবার্টসন অবশ্য তার মন্তব্যে সেনা প্রত্যাহারের সময়সীমা বিষয়ে কোনো আলোচনা করেননি। মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ায় লড়াইরত ওয়াইপিজি কুর্দি যোদ্ধাদের নিরাপত্তা রক্ষার বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে চাইছে ওয়াশিংটন। তাছাড়া, সীমান্তে একটি নিরাপদ অঞ্চল গঠন নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।