জাতীয়করণের দাবিতে আলটিমেটাম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার শিক্ষক অসহায় হয়ে পড়েছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ না করা হলে ১০ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) নেতৃবৃন্দ। এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল আমিন সরকার, কামাল উদ্দিন, সাহিদুল ইসলাম, শেখ মতিয়ার রহমান প্রমুখ। সমিতির আহ্বায়ক বদরুল আমিন সরকার লিখিত বক্তব্যে বলেন, ‘ইতিপূর্বে আমরা জাতীয়করণের জন্য ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন ও ২০২১ সালে সাত দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছি। তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল এসে জাতীয়করণের আশ্বাস দিলেও তা বাস্তাবায়ন হয়নি।’