রাজিবপুরে আমন চারার সংকট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুরে আমনের চারার তীব্র সংকট দেখা দিয়েছে। উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে বন্যায় আমনের খেত ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, এতে এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানান কৃষকরা। ফলে মৌসুমের মাঝামাঝিতে নতুন করে আবার চাষাবাদ শুরু করতে গিয়ে চারার সংকটে পড়েন তারা।

কৃষকরা পার্শ্ববর্তী উপজেলা ও জেলা থেকে অনেক বেশি দামে আমন চারা সংগ্রহ করছেন। আবার অনেকেই অতিরিক্ত দামে ও সময় মতো চারা সংগ্রহ করতে না পারায় বিপাকে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ২ হাজার ১১০ হেক্টর আমন খেতের মধ্যে ৮৫২ হেক্টর ও ৮০ হেক্টর বীজতলার মধ্যে ১০ হেক্টর জমির চারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

রাজিবপুর ইউনিয়নের কৃষক ছাত্তার, রশিদ, কোদারকাটি ইউনিয়নের চাষি তোতা, মজিবর ও মোহনগঞ্জ ইউনিয়নের চাষি সালাম তালুকদার ও মতিন জানান, বন্যায় তাদের আমন ধানের পাশাপাশি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চারার সংকটের কারণে নতুন করে আবার ধান লাগানো অনেক কষ্ট হচ্ছে। পার্শ্ববর্তী উপজেলা থেকে দ্বিগুণের বেশি দামে ধানের চারা সংগ্রহ করতে হওয়ায় অনেকের জমি খালি থাকার সম্ভাবনা রয়েছে।

রাজিপুর বাজারে ধানের চারা বিক্রেতা আসাদ জানান, এখানে চারার চাহিদা ও দাম বেশি থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ধানের চারা নিয়ে এসে এ বাজারে ১ হাজার ২০০ টাকা পোন বিক্রি করছি।

রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি বন্যার ফলে আমনের খেত, বীজতলা ও সবজির ক্ষতি হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে চাষিরা বীজতলা করতে আগ্রহ হারিয়ে ফেলে। তারপরে যারা বীজতলা করতে আগ্রহী তাদের আমরা সহযোগিতা করব।