ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ সফরের নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, অরুণাচলে ভারতের নেতাদের যেকোনো কর্মকাণ্ডের সম্পূর্ণ বিরোধী চীন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তা বাড়াতে অঞ্চলটিতে কয়েকটি জনসমাবেশে অংশ নেবেন মোদী। ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চললেও সীমানা নিয়ে তাদের বিরোধ চলছেই।
১৯৬২ সালে পার্বত্য সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। অরুণাচলকে নিজেদের দক্ষিণ তিব্বত বলে দাবি করে চীন। যা ভারতের জন্য একটি স্পর্শকাতর ইস্যু। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করে ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক, চীনের স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নেবে।
শনিবার চীনের মন্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ সালের সীমান্ত বিরোধের পর ভারত চীন উভয়েই দুই দেশের মাঝে আস্থা ফিরিয়ে আনতে প্রত্যয় ব্যক্ত করে। বাণিজ্য আলোচনা জোরদার করার জন্য গত বছর মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়েকটি বৈঠক করেন কিন্তু এব্যাপারে সামান্যই অগ্রগতি হয়েছে।
