বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে শুক্রবার রাতে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্টে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম আতিয়ার রহমান (৪৫)। উপজেলার কালুপাড়া ইউপির উত্তর কালুপাড়ায় এ ঘটনা ঘটে। আতিয়ার রহমান উপজেলার দামোদরপুর ইউপির শেখেরহাট প্রামানিকপাড়ার তোরাব আলির ছেলে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আতিয়ার রহমানের মেয়ে আইরিন উপজেলার কালুপাড়া ইউপির উত্তর কালুপাড়া গ্রামে নানা বাড়িতে থাকত। ঐ রাতে রাতে সেখানেই মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। রাতে মেয়ে-জামাইসহ বরযাত্রীকে বিদায় দিয়ে বাড়ির সবাই মিলে খাবার খেতে বসেন। এ সময় আতিয়ার রহমান টেবিল ফ্যান অন করার জন্য হাত দিলে বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. নাসিরুদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
