চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন হাসপাতাল থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। নিহতের নাম তানিয়া (১৪)। শুক্রবার বিকালে স্বজনরা কিশোরীকে হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে রাতে থানা পুলিশ লাশ উদ্ধারের পর শনিবার সকালে ভোলা মর্গে পাঠায়। তানিয়া উপজেলার ঢালচর ইউনিয়নের চরনিজাম এলাকার মো. ফারুকের মেয়ে।
চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক ডা. নাফিসা ইমাম জানান, স্বজনরা কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে।
দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ঐ কিশোরীর মুখে একাধিক আঘাতের চিহ্ন থাকায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
