স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ বশির আহম্মেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি ডাক্তারপাড়ার বাসিন্দা। শনিবার বিকালে নগরীর লক্ষ্মীপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অবৈধ অস্ত্রের কারবার করে আসছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা করা হবে।
