হাম্পি স্মৃতিস্তম্ভে ভাঙচুর, ৪ ভারতীয় পর্যটক গ্রেফতার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৭

বিবিসি

ভারতের দক্ষিণের কর্নাটক রাজ্যের প্রাচীন ঐতিহ্যবাহী হাম্পি স্মৃতিস্তম্ভে ভাঙচুরের অভিযোগে চার তরুণকে গ্রেফতার করা হয়ছে। শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

ষোড়শ শতাব্দীর বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ এবং প্রাচীন মন্দিরের কারণে ভারতের হাম্পি শহর পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিন তরুণকে শহরের প্রাচীন মন্দিরের বাইরের অংশের একটি পিলার ঠেলে ফেলে দিতে দেখা যায়। পিলারটি ফেলে দিয়ে তারা হাত তুলে বিজয় উল্লাস করছিল। চতুর্থ ব্যক্তি পুরো কাণ্ড ভিডিও করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।