স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু করার প্রস্তুতি নিয়েছেন ইংলিশ কোচ জেমি ডে। আগামী ২০ সেপ্টেম্বর ফুটবলারদের ক্যাম্প ডাকতে চান তিনি। ঢাকায় ফিরেই আলোচনায় জানিয়েছেন দলের কোচ। কিরগিজস্তান হতে জাতীয় দলের বহনকারী বিমানটি শুক্রবার বিকালে ঢাকায় ফেরার কথা ছিল। দুবাইয়ে অন্য ফ্লাইট বিলম্ব হওয়ায় ফুটবলারদের বহনকারী বিমান ঢাকায় আসে রাত সাড়ে ১১টায়। খেলোয়াড়রা যার যার ক্লাবে চলে গেছেন। বিশেষ করে বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ রয়ে গেছে লিগের। তাদের প্রতিপক্ষ দলগুলোর খেলোয়াড়রা ক্যাম্পে গেছেন। সাইফ স্পোর্টিং, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং আবাহনীর খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিয়েছেন। আগামীকাল হতে লিগের বাকি থাকা শেষ তিন ম্যাচ শুরু হতে পারে।
১-১৬ অক্টোবর মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফে যাওয়ার আগ পর্যন্ত কোচ জেমি এই তিন ম্যাচ দেখবেন। কিরগিজস্তানে গিয়েছিলেন সাফের প্রস্তুতি নিতে। বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল ফিলিস্তিন (২-০), কিরগিজস্তান (৪-১) এবং কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে (৩-২) খেলে তিন ম্যাচই হেরেছে। কোচ জেমি ক্ষুব্দ। তিনি হতাশ। কিরগিজস্তানে থাকতেই তার মেজাজ খারাপ হয়েছে। বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কাছে হারলেও বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স ক্ষোভ উগড়ে দিয়েছে জেমিকে। সামনে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের খেলা রয়েছে। তার আগে প্রস্তুতি নেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন তিনি। সিনিয়র দলের কিছু খেলোয়াড় বেঞ্চে বসিয়ে দিয়েছিলেন। যেন অন্যরা নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারে। কিরগিজস্তানে খেলা শেষে সংবাদমাধ্যমে জেমি তার হতাশার কথা বলেছেন। জেমি বলেছিলেন, ‘খেলাটা অনেক টাফ ছিল। আমি খেলোয়াড়দের কাছ থেকে আরো ভালো পারফরম্যান্স আশা করেছিলাম। যদিও আগের দুই ম্যাচে প্রতিপক্ষ কঠিন ছিল, শেষ খেলাটায় আমি হতাশ।’
গতকাল জেমির সঙ্গে কথা হলে জেমি জানিয়েছেন, কিরগিজস্তানের টুর্নামেন্ট হতে ভালোমন্দ দুটোই দেখিছি।’
জেমি ইঙ্গিত দিয়েছেন, যারা কিরগিজস্তানে গিয়েছিল তারাই সাফে থাকেব এটা অনিশ্চিত। জানতে চাওয়া হয়েছিল দলে নতুন প্লেয়ার ঢুকবে না-কি কিরগিজস্তান সফর করা দলটাই সাফে যাবে? সরাসরি কোনো জবাব দেননি তিনি। জেমি বলেন, ‘আমরা বসব। কথা বলব। দলে পরিবর্তন হবে কি-না এখনই বলতে পারছি না। তবে দলে বড় কোনো ইনজুরি নেই।’ কানাডা প্রবাসী রাহবার আহমেদ কেমন করল? জেমি বললেন, ‘প্রথম হিসেবে ভালো করেছে।’ ভালোটা কোচের চোখে পড়ার মতই। কারণ এই ফুটবলারকে ঢাকায় নিয়ে এসেছেন কোচ।
