ব্যাটিংয়ের দুশ্চিন্তা কেটে যাবে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

হাবিবুল বাশারের আশা

 স্পোর্টস রিপোর্টার

গত দেড় মাসে ঘরের মাঠে ১০টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে টাইগাররা। হোম কন্ডিশনে স্লো, লো বাউন্সের উইকেটে সিরিজ জিতলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং। টানা দুই সিরিজেই নাজুক বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স।

গত ১০ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে। সবেধন নীলমনি হাফ সেঞ্চুরিটা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে হাফ সেঞ্চুরি নেই কারো। সর্বোচ্চ অপরাজিত ৪৯ রান করেছেন আফিফ হোসেন, সিরিজের শেষ ম্যাচে। অথচ সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। নিজেদের আঙিনায় ব্যাটসম্যানদের এমন সংগ্রাম চিন্তার কারণই বটে। বিশেষ করে লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকারের ব্যাটে রান নেই। ৫ ম্যাচে লিটন ৬৫, মুশফিক ৩৯, সৌম্য ১ ম্যাচ খেলে ৪ রান করেছেন। অস্ট্রেলিয়ার সিরিজে ৫ ম্যাচে ২৮ রান করেছিলেন এ বাঁহাতি ওপেনার।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে বিশ্বকাপের আগে। হোমে কঠিন কন্ডিশনে খেলে অনেকে রান পাননি। তবে বিশ্বকাপে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ধীরে ধীরে কন্ডিশনে মানিয়ে নিবেন সবাই। আর টানা তিন সিরিজ জয়কে বড় অর্জন মনে করেন তিনি।

ব্যাটসম্যানদের রান খরা বিশ্বকাপে বড় চিন্তার কারণ হবে কি না, জানতে চাইলে গতকাল হাবিবুল বাশার বলেছেন, ‘ব্যাটিং নিয়ে চিন্তা যদি বলেন, আমার মনে হয় আমরা যখন বিশ্বকাপে যাব, ওখানে যে প্রস্তুতি ম্যাচগুলো আগে খেলব, সেখানে এটা কেটে যাবে। আমার মনে হয় যে, ওখানে আমরা যে উইকেটগুলো পাব, আমরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে যেমন উইকেটে খেলে থাকি, ঐ রকম উইকেট হবে। তাই আমি মনে করি, ওখানে গেলে ব্যাটসম্যানরা মানিয়ে নিবে এবং ভালো করবে।’

কিউইদের কাছে শেষ ম্যাচটা হারলেও সিরিজ জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে মনে করেন হাবিবুল বাশার। গতকাল তিনি বলেছেন, ‘আমরা টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি। ব্যাক টু ব্যাক সিরিজ জিতলাম। আমরা র্যাংকিংয়ের ছয়ে উঠে আসছি। বিশ্বকাপে যাওয়ার আগে এটা অবশ্যই কাজে লাগবে। সব মিলিয়ে খুব ভালো, আমার মনে হয় খারাপ হয়নি।’

সেরা পাঁচ বোলার

নাম                                ম্যাচ        উইকেট

অ্যাজাজ প্যাটেল               ৫           ১০

নাসুম আহমেদ                  ৫           ৮

মুস্তাফিজুর রহমান             ৪           ৮

কোল ম্যাককনকি               ৫           ৭

রাচিন রবীন্দ্র                    ৫           ৬

সেরা পাঁচ ব্যাটসম্যান

নাম                                ম্যাচ         রান

টম ল্যাথাম                       ৫             ১৫৯

মাহমুদউল্লাহ রিয়াদ            ৫             ১২০

নাঈম শেখ                       ৫             ১০৫

উইল ইয়াং                       ৫             ৯৯

হেনরি নিকোলস               ৫             ৮১