ঢাকায় আসছেন এনায়েত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

দেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুর রহমান খান। এনায়েত নামেই সবাই জানেন। তার মতো ফুটবলার খুঁজে পাওয়া কঠিন। তখনকার ফুটবলে সালাহউদ্দিন এবং এনায়েতের নামটা এক সঙ্গে উচ্চারিত হতো। আজও অনেকেই প্রশ্ন করেন সালাউদ্দিন নাকি এনায়েত কে সেরা স্ট্রাইকার।

১৯৭৮ সালে মোহামেডানে নাম লেখান দুর্ধর্ষ প্লেমেকার এনায়েত। মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়। সর্বোচ্চ গোলদাতা হন এনায়েত। তার পরের বছরই খেলায় সিদ্ধান্তের প্রতিবাদে রেফারি দলিল খানকে মেরে আজীবনের জন্য বহিষ্কার হন এনায়েত। যদিও পরে তার সাসপেনসন উঠে গিয়েছিল। এই ফুটবলারের মেজাজ বোঝা কঠিন ছিল। কাউকে কেয়ার করতেন না। ভীষণ সাহসী ছিলেন। ফুটবল খেলতেন সিনগার্ড ছাড়াই। গোলপোস্টে শট করতেন গোলার মতো। নেট ছিঁড়ে ফেলার রেকর্ডও আছে তার। কথা বলতেন মুখের ওপর।

অজানা এক অভিমানে ’৯৩ সালে ঢাকা সাফ গেমসের পর দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। আর ফিরেননি স্বাধীনবাংলা ফুটবল দলের এই খেলোয়াড়। ক্রীড়া সংগঠক মুশফিকুর রহমান মোহন গতকাল জানিয়েছেন, ‘এনায়েত ঢাকায় আসছেন। আগামী মাসেই কানাডা হতে ঢাকায় ফিরবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে এসে যাবেন এনায়েত।’