স্পোর্টস রিপোর্টার
টানা তিনটি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। তিন সিরিজ জয়ের পর লম্বা ছুটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। সবাই বিশ্বকাপের আগে ওমানে টাইগার শিবিরে যোগ দেবেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে গতকালই হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের গন্তব্যও একই। বোলিং কোচ গিবসন যাবেন ইংল্যান্ডে। স্পিন কোচ রঙ্গনা হেরাথ চলে গেছেন কলম্বোয়। ট্রেনার নিক লি, ফিজিও জুলিয়ান ক্যালেফাতোও গতকাল রাতেই ফিরে গেছেন। কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরণের মিশন অবশ্য আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে সানরাইজার্স হায়দরাবাদে দলে যোগ দেবেন তিনি।
বিশ্বকাপ খেলতে ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ দল। দুই ডোজ ভ্যাকসিন থাকায় কোয়ারেন্টাইন করতে হবে না। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে নেমে করোনা নেগেটিভ হতে হবে দলের সবাইকে।
এদিকে হোম সিরিজ শেষে ছুটি পেয়ে ওমরাহ হজ পালনে সৌদি যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ৪ ক্রিকেটার। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, নাঈম শেখ, আফিফ হোসেন ও সাইফউদ্দিন ওমরাহ করতে যাবেন ১৬ সেপ্টেম্বর। তারা ফিরবেন ২১ সেপ্টেম্বর।
