ইত্তেফাক রিপোর্ট
আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, মনোনয়ন নিয়ে আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে কাজ করছেন। দলের দুর্দিনে তিনি পাশে ছিলেন। গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রেডিমেট সংসদ সদস্য কাউকে বানানো হবে না। পিতা এমপি ছিলেন বলে ছেলে এমপি হবে এমন নয়। সে (মুনতাকিম আশরাফ) দলের জন্য কাজ করতে থাকুক।
প্রসঙ্গত, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ পাঁচ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। উপনির্বাচনে ১৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা, ১৪ সেপ্টেম্বর বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রত্যাহার ও ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার নির্ধারিত দিন। ৭ অক্টোবর ইভিএমে এখানে ভোট হবে। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ নিচ্ছে না। তবে জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ নিচ্ছে।
প্রধানমন্ত্রীর আস্থার প্রমাণ দিতে
চান প্রাণ গোপাল দত্ত
৬৮ বছর বয়সি নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক হিসেবে কাজ করেছেন। চিকিত্সা সেবায় অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন ২০১২ সালে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। দলীয় মনোনয়ন পাওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, ‘নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন তা প্রমাণ করার দায়িত্ব আমার।’ উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চান্দিনার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র কিনেছিলেন ডা. প্রাণ গোপাল দত্ত।
১০ উপজেলা-পৌরসভায় প্রার্থী নির্ধারণ
৯টি উপজেলা ও একটি পৌরসভায় আসন্ন উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনীর সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। পৌরসভা উপনির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় পমা. অয়েজ উদ্দিন বিশ্বাস নৌকার প্রার্থী হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে মো. জিয়াউল হক নৌকার মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।
