জাপার অবস্থা ভালো নেই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

সিলেট অফিস

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী গতকাল শনিবার হঠাত্ এক দিনের সফরে সিলেটে এলে তার সফর নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দেয়। তবে বিদিশা নিজেই বলেছেন, সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করলেন তিনি। বিকালে তিনি হযরত শাহপরাণের (র.)-এর মাজার জিয়ারত শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফিরে যান।

দুপুরে মাজার জিয়ারত শেষে তিনি বলেন, জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই তার এই সফর। বিদিশা বলেন, আমাকে ঘিরে দলে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।

এদিকে সিলেটের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, বর্তমান পরিপ্রেক্ষিতে বিদিশার দল কতটুকু সুবিধা করতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিদিশা বলেন, সরকারের সঙ্গে জাতীয় পার্টির ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরো ভোট পেতেন। এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করত।

তিনি বলেন, সিলেটের মানুষ যেভাবে আমাকে রিসিপশন দিয়েছেন, তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। তিনি বলেন, এরশাদ সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। আমিও যাতে এমনটা বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করছি। বিদিশা মাজারে মহিলা এবাদতখানায় জোহরের নামাজ আদায়, পবিত্র কোরআন শরিফ পাঠ ও শিরনি বিতরণ করেন। পরে স্থানীয় হোটেলে অবস্থানকালে  নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।