বরিশাল শহরে মাদক ব্যবসায়ীদের স্থান হবে না ---- উপ-পুলিশ কমিশনার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভূঁইয়া বলেছেন, মেট্রোপলিটন দক্ষিণ জোন এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এখানে মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বরিশাল মেট্রোপলিটনে যোগদানের পর গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তন সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

মাদক নির্মূলের পাশাপাশি এখানকার নারী ও শিশুবান্ধব পরিবেশ উন্নয়ন করার বিষয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। অ্যাডভোটেক মু. ইসমাইল হোসেন নেগাবানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, স্থানীয় দৈনিক ভোরের আলো সম্পাদক সাইফুর রহমান মিরন। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, স্থানীয় দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, প্রবীণ সাংবাদিক এম আমজাদ হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, চ্যানেল আইর বরিশাল প্রতিনিধি শাহিনা আজমিন, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বরিশালে এক দিনের ব্যবধানে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেট্রোপলিটন কাউনিয়া ও কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্ররা হলো, নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসার হাফেজি শ্রেণির ছাত্র ফয়সাল (১৫) এবং নগরীর ফরেস্টার বাড়ি জামে মসজিদের ছাত্র ইয়াছিন (১৩)।

মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসার পরিচালক ফোরকান উদ্দিন বলেন, ফয়সাল রবিবার সন্ধ্যায় টাকা নিয়ে নাস্তা খেতে বাইরে যায়। এর পরে মাদ্রাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮টার দিকে ছাত্রের বাবা ওমর ফারুককে জানানো হয়। এর পর ফয়সালের পরিবারসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার কাউনিয়া থানায় ঐ ছাত্রের বাবা জিডি করেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার নিখোঁজ হয় ফরেস্টার বাড়ি জামে মসজিদের ছাত্র ইয়াছিন। তার মা জোসনা বেগম বরিশাল কোতোয়ালি মডেল থানায় করা সাধারণ ডায়ারিতে উল্লেখ করেছেন, বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ইয়াছিন বই-খাতা নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রের খোঁজে সব থানায় বার্তাও পাঠানো হয়েছে।