পাখি হত্যায় রাজশাহী মেডিক্যালের বিরুদ্ধে ৩ কোটি টাকা ক্ষতির মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল চত্ব্বরে ৮০টি শামুখখোল পাখি হত্যার ঘটনায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী অফিসের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির মামলাটি দায়ের করেন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে বিবাদী করে গত মঙ্গলবার রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলাটি দায়ের করা হলেও তথ্য গোপন রাখা হয়। তবে আইনজীবীর মাধ্যমে মামলার ঘটনাটি প্রকাশ হয়ে পড়েছে। 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রামেক হাসপাতাল চত্ব্বরে একটি অর্জুন গাছ ড্রেন নির্মাণের জন্য কেটে ফেলা হয়। এতে উড়তে শেখেনি এমন অন্তত ১০০ পাখির বাচ্চা মাটিতে পড়ে কিছু তাত্ক্ষণিক মারা যায়। বাকিগুলো শ্রমিক ও রোগীর স্বজনরা জবাই করে নিয়ে যায়। প্রতিবাদে বৃহত্তর রাজশাহী জুড়ে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ৫ সেপ্টেম্বর প্রথমে রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।  পরে ৭ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করা হয়।

জানতে চাইলে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেয়নি। আজ রবিবার মামলার বিষয়ে আদালত থেকে কোনো আদেশ হতে পারে। তবে মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, মামলার বিষয়টি তিনি সাংবাদিকদের কাছেই শুনেছেন।

মামলার আর্জিতে রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে বিবাদী করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, রামেক হাসপাতালে ৮০টি বন্যপাখি হত্যা ও আবাসস্থল ধ্বংসের কারণে আনুমানিক ১ কোটি টাকার আর্থিক ক্ষতির হয়েছে। এছাড়া পাখিগুলো হত্যার কারণে পরিবেশের ক্ষতি হয়েছে আরো ২ কোটি টাকার। সবমিলিয়ে ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।