পুলিশে দুই দিনের ক্রাইম কনফারেন্স আজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

পুলিশের দুই দিনের ক্রাইম কনফারেন্স আজ রবিবার শুরু হচ্ছে। সারা দেশের এসপি থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এই কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন। পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে তাদের সমস্যা, অসুবিধার কথা শুনবেন। ক্রাইম কনফারেন্সে খোলামনে কথা বলেন পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, করোনা মহামারির কারণে দীর্ঘদিন পর সামনাসামনি বসে এই ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে। মহামারির মধ্যে এই অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। পুলিশে প্রতি তিন মাস অন্তর ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার রীতি রয়েছে। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় পর এই কনফারেন্স হচ্ছে। এই কনফারেন্সে মাঠ পর্যায়ের এসপি-ডিআইজিরা কাজের ক্ষেত্রে তাদের সমস্যা, অসুবিধাসহ কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রশাসনের অন্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অভাব থাকলে সেগুলো নিয়েও খোলামনে আলোচনা করেন। তাত্ক্ষণিক কোনো সমস্যা সমাধানের সুযোগ থাকলে আইজিপি সমাধান করে দেন। কিছু সমস্যা তিনি পরে সমাধান করেন। মূলত আইজিপি মাঠ পর্যায়ের চিত্র জানতে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমস্যার কথা শুনতে চান এই এই কনফারেন্সে।