সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, হাওরের জন্য উড়াল সেতু প্রকল্প পাশ হয়েছে। খুব দ্রুত উড়াল সেতুর কাজ শুরু হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের চার দিকে উন্নয়ন আর উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ছাড়া কিছুই বুজেন না। হাওরের মানুষের জন্য তিনি বেশি ভাবেন। সব সময় হাওরের মানুষের কথা চিন্তা করেন। মন্ত্রী বলেন, এক কথায় হাওর অঞ্চলের নিম্ন এলাকার মানুষের যত দুর্ভোগ আছে, সব দুর্ভোগ দূর করে একটা উন্নয়নশীল দরিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে চান।
শনিবার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে নবগঠিত মধ্যনগর উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শেষে মন্ত্রী ঐ সব কথা বলেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসাইন রুকন প্রমুখ।
