চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে করোনা সংক্রমণ ৫ শতাংশে নেমে এসেছে। গত শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানানো হয়েছে—অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের মধ্যে নগরীতে ৪৩ জন ও উপজেলায় ৩৯ জন। চট্টগ্রামে এই পর্যন্ত করোনা পজিটিভ হয়েছে ১ লাখ ৭৮৪ জনের। তার মধ্যে মহানগরীতে ৭৩ হাজার ৫৫ জন ও উপজেলায় ২৭ হাজার ৬৯৩ জন। করোনায় মারা গেছে ১ হাজার ২৬৫ জন।
