নভেম্বর থেকে ঢাকায় ইজিপ্ট এয়ারের ফ্লাইট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০

ইত্তেফাক রিপোর্ট

মিশরের সরকারি মালিকানাধীন এয়ারলাইন ইজিপ্ট এয়ার আগামী নভেম্বর ২০২১ থেকে বাংলাদেশ নিয়মিত ফ্লাইট কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালিত হবে।

মিশর ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আকাশ যোগাযোগ স্থাপন উপলক্ষ্যে বাংলাদেশে মিশরীয় দূতাবাস, ইজিপ্ট এয়ার, এয়ার কায়রো এবং বাংলাদেশ ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) অ্যালো ঢাকা এভিয়েশন স্থানীয় গণমাধ্যম, ট্রাভেল ও ট্যুর অপারেটর, সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি বলেন, আমাদের ভ্রাতৃপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে ইজিপ্ট এয়ারের ফ্লাইট শুরু একটি বিশেষ মাইলফলক। তার মতে, ঢাকা ও কায়রোর মধ্যে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট শুরুর মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে যারা মিশর, ইউরোপ এবং উত্তর আমেরিকা ভ্রমণ করতে আগ্রহী। এর মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা ও কার্গো পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে, মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং পর্যটকরা মিশরের বহুমুখী পর্যটনের সুবিধা ভোগ করবেন।

মিশরকে আধুনিক সভ্যতার সূতিকাগার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মিশর এবং ইজিপ্ট এয়ার মিশরীয় আতিথেয়তা উপভোগ এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শনের জন্য দেশটি ভ্রমণে বাংলাদেশি যাত্রী ও পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে। বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায়ের ওপরও তিনি আলোকপাত করেন। দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রে এই উল্লেখযোগ্য অর্জনের জন্য মিশরীয় রাষ্ট্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইজিপ্ট এয়ারের বাংলাদেশ জিএসএ অ্যালো ঢাকা এভিয়েশনের নির্বাহী পরিচালক ও সিওও ফরহাদ হোসেন।

ইজিপ্ট এয়ার মিশরের সরকারি মালিকানাধীন বিমান সংস্থা। এর প্রধান কার্যালয় ও হাব কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। বর্তমানে এয়ারলাইনটি ৬৯টি আধুনিক উড়োজাহাজের একটি বহর নিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার ৮০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ইজিপ্ট এয়ার স্টার অ্যালায়েন্স গ্রুপের সদস্য এবং এর অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এয়ার কায়রো, এয়ার সিনাই, ইজিপ্ট এয়ার কার্গো এবং স্মার্ট এভিয়েশন কোম্পানি।