খালেদা জিয়ার জামিন পাওয়ার অধিকার রয়েছে —ডা. জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তারা ২০ বছর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে ক্ষমতায় এসেছে। দেশটির নিয়ন্ত্রণ নেওয়া তালেবানরা নিজ দেশের মুক্তিযোদ্ধা। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির উদ্যোগে ‘নির্বাসিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

অকারণে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের প্রচলিত আইনে তার জামিন পাওয়ার সব অধিকার রয়েছে; কিন্তু বিচারপতিরা কেন তাকে মুক্তি দিচ্ছেন না। খালেদা জিয়ার সঙ্গে আপনাদের আচরণ জনগণ মনে রাখবে। তালেবানরা মেয়েদের অধিকার দিচ্ছে না অভিযোগে সিপিবি যে প্রতিবাদ করছে তার জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, আওয়ামী লীগ, বিএনপি সবার গঠনতন্ত্রে ৩৩ শতাংশ নারীর কথা বলা থাকলেও কমিউনিস্ট পার্টিতে নেই। নিজের ঘরে আগুন লাগছে, আগে সেই আগুন নেভান।

জাগপা সভাপতি খন্দকার লুত্ফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ প্রমুখ।