রাজধানীর উলন গ্রিড উপকেন্দ্রে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপকেন্দ্র এলাকার একটি ফিডার ট্রান্সফরমার ট্রিপ (স্বয়ংক্রিয়ভাবে বন্ধ) করার পর ফের বিদ্যুত্ সঞ্চালন শুরু করলে মগবাজার-রামপুরা এলাকার সাতটি ফিডার পুড়ে যায়। একইসঙ্গে ১১ কেভি বিদ্যুত্ সঞ্চালন ক্ষমতার ২১টি তার পুড়ে যাওয়ার ফলে রাজধানীর পূর্ব-দক্ষিণ অংশের অনেক এলাকা শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিদ্যুিবহীন ছিল। এতে ঐ এলাকার মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মগবাজার অঞ্চলের (এনওসিএস) নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর জানান, রাত ৪টা ৪০ মিনিটে উলন গ্রিডের আওতাধীন ঝিলকানন ফিডার ট্রিপ করে। বিদ্যুত্ বিতরণ বা সঞ্চালন লাইনে কোনো ত্রুটি দেখা দিলে ফিডার স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়াকে ট্রিপ বলা হয়। লাইনে কোনো সমস্যা না পেয়ে কিছুক্ষণ পর বিদ্যুত্ বিতরণ শুরু করলে মুহূর্তের মধ্যে ঝিল কাননসহ সাতটি ফিডারে আগুন ধরে যায়। পাশাপাশি এগুলোর সঙ্গে সংযুক্ত ১১ কেভির তিনটি করে ২১টি বিতরণ লাইনের তার পুড়ে যায়। ঝিলকানন ছাড়া বাকি ট্রান্সফরমারগুলো থেকে দুপুর ১টার মধ্যে বিদ্যুত্ বিতরণ শুরু করা যায়। তবে ঝিলকানন ফিডার থেকে বিদ্যুত্ সরবরাহ শুরু হয় বিকাল ৪টার দিকে। ফিডারের ত্রুটি আঘাত করে উপকেন্দ্রেও। উপকেন্দ্রে ইনসুলেশন ও সুইচে আগুন লাগে। তবে বড় ক্ষতি হয়নি।
ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে রাজধানীর পশ্চিম মালিবাগ, পশ্চিম রামপুরা, মীরবাগ, মহানগর প্রজেক্ট, উলন, বাগিচার টেক এবং ঝিলকানন এলাকা ৮ থেকে ১২ ঘণ্টা বিদ্যুিবহীন ছিল। তীব্র গরমে এলাকার মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশ কষ্ট পান। বিদ্যুত্ না থাকায় মোটর দিয়ে ট্যাংকে পানি তুলতে না পারায় অনেক পরিবার পানির সংকটেও পড়ে। বিদ্যুত্ না থাকায় এসব এলাকায় ইন্টারনেট সেবাও ব্যাহত হয়।
ডিপিডিসির এক কর্মকর্তা জানান, রাজধানীতে সবচেয়ে পুরোনো উপকেন্দ্রগুলোর একটি উলন সাবস্টেশন। গত বছরের এপ্রিলেও এ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়। চাহিদা বেড়ে গেলে বিদ্যুত্ সরবরাহে হিমশিম খায় উপকেন্দ্রটি। ফলে কারিগরি ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটে।
