সাভারে স্বর্ণের দোকানে গণডাকাতিতে ৯ জন গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

সাভারে ১৮ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ গণডাকাতির ঘটনায় জড়িত ৯ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। গতকাল শনিবার সকালে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার ভোররাতে নরসিংদী সদর থানার বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তারা পুলিশের জিজ্ঞাসাবাদে সাভারের স্বর্ণের দোকানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে আশুলিয়া থানা পুলিশ তাদের ডাকাতির মামলায় গ্রেফতার দেখায়।

গ্রেফতারকৃতরা হলেন: শরীয়তপুর জেলার জাজিরা থানার কুন্ডেরচর গ্রামের মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার হোসেন দেওয়ান, মাদারীপুর সদর থানার বলাইচর গ্রামের মোতালেব খাঁর ছেলে কামাল খাঁ, শরীয়তপুরের জাজিরার দাইমুদ্দিন খলিফার কান্দি গ্রামের মৃত সিরাজ খলিফার ছেলে দেলোয়ার হোসেন খলিফা, মাদারীপুর কালকীনি থানার নতুন চর দৌলতখান গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে খালেক হাওলাদার, বরিশাল জেলার বানারীপাড়া থানার ব্রা?হ্মণকাঠি গ্রামের মৃত হারুন গাজীর ছেলে আল মিরাজ ওরফে মিন্টু, মাদারীপুর সদর থানার বলাইচর গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে খবির হাওলাদার, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বন্দকাউলজানি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রহিম মিয়া, নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কবির হোসেন, একই থানার ঝাউকান্দি (নিরাতকান্দা) গ্রামের সামসু মিয়ার ছেলে রহিম মিয়া।

ডিবি পুলিশ জানায়, নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, কাটার, দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার। এছাড়াও ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম ও জামিরুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিবোট নিয়ে ১৪ থেকে ১৫ জন ডাকাত গুলি করতে করতে পালিয়ে যায়। আমরাও তাদের দিকে ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ি। পরে আমরা গাড়িতে থাকা ৯ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই।

নরসিংদী জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সাভারের নয়ারহাট ও গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির কথা স্বীকার করেছে। নয়ারহাটে ঐ ডাকাতদলে ২৫-৩০ জন সদস্য ছিল। এই দলের সদস্যরা মূলত মাদারীপুর ও শরীয়তপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে নৌযান যোগে এসে আশুলিয়ার নয়ারহাটে ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতি করে প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ রুপা লুট করে নিয়ে যায় ডাকাতদল।