ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহত ও বেঁচে যাওয়া মানুষদের জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ত্যাগ স্বীকার করা এই মানুষগুলোর জন্য তার প্রার্থনা সব সময় থাকবে। একই সঙ্গে গতকাল শনিবার তিনি ওই হামলার পর পুনর্গঠনে একত্র হওয়া সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া এক বার্তায় রানি বলেন, হামলার শিকার, বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পরিবার ও পুরো জাতির পক্ষ থেকে প্রার্থনা থাকবে। এর পাশাপাশি দ্রুত উদ্ধারকাজে যুক্ত ব্যক্তি ও উদ্ধারকর্মীদের জন্যও প্রার্থনা। ২০১০ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় আমার প্রথম যাওয়ার বিষয়টি স্মৃতিতে উঠে আসছে। আমি সেই মানুষগুলোর জন্য প্রার্থনা করছি, যারা আত্মত্যাগ করে পৃথিবীকে আরো শক্তিশালী হবার প্রেরণা জুগিয়ে গেছে।
অপরদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৯/১১-এর দুই দশক পূর্তিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি তাতে বলেছেন, ‘দুর্বৃত্তরা পশ্চিমা মূল্যবোধ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। আমরা এখন ২০ বছরের দৃষ্টিকোণ দিয়ে বলতে পারি যে তারা স্বাধীনতা এবং গণতন্ত্রে আমাদের বিশ্বাসকে নড়বড়ে করতে ব্যর্থ হয়েছে।’ আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলি আমাদের কাছ থেকে যাদের কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মনে রাখার দৃঢ় সংকল্পকে আরো শক্তিশালী করবে। সন্ত্রাসবাদের ব্যর্থতা এবং আমাদের মধ্যে বন্ধনের দৃঢ়তা প্রদর্শন করবে।’
