রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পালিত হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। গতকাল শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে এই ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইন উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এ সময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।’
তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিল রাতকানার শতকরা হার ১ ভাগের নিচে নামিয়ে আনা। ইতোমধ্যে বাংলাদেশে সে লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ভিটাামিন ‘এ’ অভাবজনিত রাতকানার হার শতকরা ০.০৪ ভাগ।
এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মতিন সাউদসহ অনেকে।
