সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সন্নিকটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০/২৫ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা, সাতক্ষীরা ও পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। 

প্রত্যক্ষদর্শী মশিয়ার রহমান জানান, রবিবার বেলা ১ টার সময় পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের সন্নিকটে বিপরীত দিক থেকে আসা ট্রাক (সাতক্ষীরা ট-১১-০২০৬) ও খুলনাগামী যাত্রীবাহী বাসের (খুলনা মেট্রো-জ -১১-০১৬৭) মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার মারাত্মক আহত হয়। আহত ট্রাক ড্রাইভারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা নিয়ে যাওয়া হয়। তবে ট্রাক ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। এতে ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানান তিনি। 

এ সময় আহত খুলনার বারান্দির টেকেরহাটের নির্মল মণ্ডল (৫০), খুলনার গিলেতলা ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুর গ্রামের রুনা বেগম (৫০), চোমরখালী গ্রামের সাধনা মণ্ডল (৪৫), খুলনা শিরোমনির রেখা বেগম (৩৮) কে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি।


ইত্তেফাক/এমএএম