যুবাদের কষ্টার্জিত জয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিরুদ্ধে টানা দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে প্রথম ওয়ানডেতে ১৬ রানে জিতেছিল বাংলাদেশ যুব দল। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য স্বাগতিকদের বড় পরীক্ষা নিয়েছে আফগানরা। লো স্কোরিং ম্যাচে কষ্টার্জিত জয় পায় টাইগার জুনিয়ররা।

গতকাল আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়েছে স্বাগতিকরা। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের তোপে ৪২.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় আফগান যুব দল। বাঁহাতি স্পিনার নাইমুর রহমান ১৪ রানে নেন ৪টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। গোলাম কিবরিয়া ২টি, রিপন মন্ডল, মেহেরব হাসান ১টি করে উইকেট নেন। আফগানদের পক্ষে ওপেনার বানুরি ২৫, ইসহাক জাজাই ১২, আল্লাহ নুর ১২, ইজাজ আহমদ আহমেদজাই ১০ ও কামরান হোটাক অপরাজিত ১৮ রান করেন। জবাবে ১০২ রানের টার্গেটে খেলতে নেমে ৭০ রানে ৩ উইকেট পতনের পরই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে, স্কোরবোর্ডে ৯৫ রান উঠতেই নেই ৭ উইকেট। পরে আইচ মোল্লা ও রিপন মন্ডলের দৃঢ়তায় দলের জয় নিশ্চিত হয়। ২৩.১ ওভারে ৭ উইকেটে ১০২ রান তোলে বাংলাদেশ যুব দল। মফিজুল ইসলাম ৩১, নাবিল ২৪, আরিফুল ১০, আইচ মোল্লা অপরাজিত ১৬, রিপন মন্ডল অপরাজিত ৬ রান করেন। আফগানদের পক্ষে ইজহারুলহক নাভিদ ৪টি, হাসানি ৩টি উইকেট নেন।