৫৪৪ দিন পর শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫

ফুল ও মাস্ক দিয়ে বরণ

ইত্তেফাক ডেস্ক

শিক্ষার্থীরা ৫৪৪ দিন পর শ্রেণিকক্ষে ফিরেছে। করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর রবিবার স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুল ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম :চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে ব্যাপক আগ্রহ ও উত্সাহ-উদ্দীপনা নিয়েই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রবেশমুখে গেটে শিক্ষার্থীদের বরণ করেছেন শিক্ষকরা। কোথাও কোথাও ফুলের পাপড়ি ছিটিয়ে নেচে, গেয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মু. মাহমুদ উল্লাহ মারুফ ইত্তেফাককে বলেন, সকাল থেকে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। উপস্থিতির হার সন্তোষজনক। প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করেছে।

খুলনা :খুলনা মহানগর ও জেলার দেড় হাজারেরও বেশি স্কুল মুখর হয়ে উঠেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়। এদিকে শিক্ষার্থীদের বরণ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিটি শ্রেণিকক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা সাজানো হয় রঙিন কাগজ, জরির মালা, বিভিন্ন রঙের বেলুন ও কাগজের ফুল দিয়ে। নগরীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিজয় রায় বলেন, স্কুল ১০টায় শুরু হলেও অনেক দিন পর স্কুল খোলায় ৭টার সময় চলে এসেছি। স্কুল খুব সুন্দর করে সাজিয়েছে। দেখে ভীষণ ভালো লাগছে।

বগুড়া :প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে বিভিন্ন স্কুল-কলেজের ফটকের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা সময়মতো হাজির হয়েছেন। বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী বলেন, স্কুলের সব শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন। পুরো স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এক কথায় সরকারি নিয়ম অনুযায়ী যা যা করণীয়, সেগুলো সব মানা হচ্ছে।

কুমিল্লা :কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী এবং অধ্যক্ষ নারগিস আক্তারসহ শিক্ষকরা।

যশোর :শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। দিনটি স্মরণীয় করে রাখতে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে শিক্ষার্থীদের। উপহার দেওয়া হয়েছে চকোলেটও।

ভোলা (উত্তর) :ভোলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের ফুল, কলম ও ক্লাসরুটিন হাতে দিয়ে বরণ করে নেন। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানহা বলেন, দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুব আনন্দ হচ্ছে।

পঞ্চগড় :জেলার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৯টি গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু হয়েছে। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হাসনা হেনা মুন জানায়, দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে খুব আনন্দ লাগছে।

সিরাজগঞ্জ :জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে।

রাঙ্গামাটি :স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটিতেও আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম।

মাদারীপুর :কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয় আল-জাবির হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন জানান, প্রথম দিনে ছাত্রছাত্রী উপস্থিতি সন্তোষজনক ছিল।

খাগড়াছড়ি :খাগড়াছড়ির বিভিন্ন স্কুলে হ্যান্ড স্যানিটাইজার করে ও তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হয়।

নাটোর :শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। প্রতিটি বিদ্যালয়েই হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা দেখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে।

নীলফামারী :জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়া বরিশালের আগৈলঝাড়া, ফরিদপুরের সদরপুর, কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট ও ফুলবাড়ীতে, পাবনার চাটমোহর, লক্ষ্মীপুরের রায়পুর, টাঙ্গাইলের নাগরপুর, ময়মনসিংহের মুক্তাগাছা, নেত্রকোনার পূর্বধলা এবং চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উত্সবমুখর পরিবেশে ক্লাস শুরু হয়েছে।