পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার বুড়িমারী থেকে বগুড়া সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বুড়িমারী থেকে ৭১৪ নম্বর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ব্লক সেকশনে ছিল। বেলতলী নামক স্থান দিয়ে যাওয়ার সময় পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় ঐ কিশোর। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অজ্ঞাত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য রবিবার লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হবে।
