বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার তিন্দুতে গোসল করতে নেমে ফজলে এলাহী (২৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বিকালে তিন্দু ইউনিয়নের বড়পাথর পর্যটনকেন্দ্রের কাছে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ফজলে এলাহীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাসানি গ্রামে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের সেবাকেন্দ্রে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং স্থানীয় গাইড নিয়ে যাওয়ার নিয়ম থাকলেও নিখোঁজ ফজলে এলাহীর দলটি সেবাকেন্দ্রে নিবন্ধন না করে এবং গাইড না নিয়ে চলে গেছে। ফলে উপজেলা প্রশাসন ও থানার কাছে নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য নেই। স্থানীয়দের মাধ্যমে তারা জেনেছেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ, বিজিবি ও প্রশাসন তার খোঁজে উদ্ধার তত্পরতা অব্যাহত রেখেছে।
