বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন মোহনগঞ্জ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

নেত্রকোনা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বাংলাদেশ রোভার অঞ্চল আয়োজিত অনলাইনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় মোহনগঞ্জ আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার জানান, প্রথম রাউন্ডে  শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কেন্দুয়া মহিলা কলেজকে পরাজিত করে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর জামালপুর অরুণোদয় মুক্ত রোভার দলকে পরাজিত করে এবং ১১ সেপ্টেম্বর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিতর্কের বিষয় ছিল, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুব সমাজই মুখ্য ভূমিকা পালন করতে পারে’। অনলাইনে বিচারকের দায়িত্ব পালন করেন রোভার স্কাউটের সহসভাপতি প্রফেসর আজাহারুল ইসলাম।