বহুমুখী রাস্তার সংযোগস্থানে ফুটওভারব্রিজ নির্মাণ জরুরি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ব্যস্ত ঢাকা শহরের জনমানুষের রাস্তা পারাপার ব্যবস্থা নেই রামপুরা- বাড্ডা- হাতিরঝিল- বনশ্রী-আফতাবনগর এলাকায়; জীবনের ঝুঁকি নিয়ে হাতিরঝিল-কারওয়ানবাজার-গুলশান-মহাখালী এলাকা থেকে এসে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে রামপুরা-বাড্ডা ব্যস্ত রাস্তা পার হতে হয়। রামপুরা-বাড্ডা সড়ক দিয়ে বহু ইন্টারসিটি-দূরপাল্লার গাড়ি চলে। তাছাড়া মালবাহী বহু লরিও চলাচল করে এই সড়কে। কিন্তু গাড়ি চলাচলের দুটি ইউলুপ থাকলেও ফুটওভারব্রিজ নেই। তাই বহু মানুষ ঝুঁকি নিয়ে সহকারী পুলিশ কমিশনার-রামপুরা টিভি ভবন-রামপুরা ব্রিজ এলাকার বিভিন্ন অনির্ধারিত স্থান দিয়ে পার হচ্ছে। তাই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঐ জায়গায় অনেকগুলো দপ্তরের প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অত্যন্ত প্রয়োজনীয় ফুটওভারব্রিজ নির্মাণের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পরিশেষে, রামপুরা-বাড্ডা-হাতিরঝিল-বনশ্রী-আফতাবনগর বহুমুখী রাস্তার সংযোগস্থানে ওভারব্রিজ নির্মাণ করে এলাকার মানুষের বহুদিনের চাওয়াকে বাস্তবায়ন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ জাকির হোসেন

আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২