ফ্যান ঘোরে মাথা ঘোরে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮

এই সময়ের ছড়া 

অবিনাশ আচার্য

 

ঘড়ঘড় ঘড়ঘড় কর্কশ স্বর

চিত্পাত শুয়ে আছি দশ-দশ ঘর।

জানালার অইপাশে দালানের ইট

ভাদ্রের খরতাপে চান্দিটা হিট।

 

বেলা বাড়ে তার সাথে বাড়ে উত্তাপ

ঠান্ডা বাতাস পেলে ছাড়তাম হাঁফ।

হাঁফ ছেড়ে বাঁচবার পথঘাট কম

রাত্তিরে খই ফুটে আটকায় দম।

 

এর চেয়ে ভালো মেস পাব কই আর

ঠিকমতো পারি নাই ভাড়া মেটাবার।

ছোট জবে বেতনের নড়বড়ে হাল

গেল দেড় বত্সরে করোনাই কাল।

 

জিনিসের দরদাম বাড়ে দিন দিন

বাকি চাই বাকি নাই বেড়ে যায় ঋণ।

তিনমাস আধা পাই একমাস ফুল

একফালি আয়নায় আধপাকা চুল!