জটিল কাঠামোর কারণে জবাবদিহিতা নিশ্চিত হয় না আমলাদের কাজের —অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিল কাঠামোর কারণে আমলাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত হয় না। অথচ বাইরের অনেক দেশে আমলাদের প্রতিদিনের কাজের হিসেব দিতে হয়। আমাদের দেশের সমস্যাটি কাঠামোগত। ব্যক্তিগত সদিচ্ছা থাকলেও অনেকেই অনেক ইতিবাচক কাজ করতে পারেন না। সুতরাং, আমাদের আমলাতান্ত্রিক কাঠামোকেই বদলাতে হবে।

গত শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন ‘বিদ্যাপীঠ বৈঠকী’র ৪র্থ পর্বে ‘বেলা অবেলার গল্প’ শীর্ষক আলোচনায় স্বনামধন্য সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এই মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের মহাপরিচালক ও যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস্ স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আহরার আহমদ অতিথিকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতেখারুল ইসলাম।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ইউরোপের রেনেসাঁর মতো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহের সঞ্চার করেছে। স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেক এগিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য পথ প্রদর্শকের কাজটি করেছে।

ক্যাম্পাস-রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রনেতারা এখন শিক্ষকদেরও নিয়ন্ত্রণ করে। তবে, মাত্র ১০ শতাংশ শিক্ষকরাই রাজনীতি করে। অধিকাংশ শিক্ষকগণ তাদের নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।