মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪

মুসলিম উদ্দিন

চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মুসলিম উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে আজ তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেহান্তরিত হলেও তিনি আছেন চুনারুঘাটের মানুষের হূদয়, মন ও শ্রদ্ধায়।

মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের চেয়ারম্যান ছিলেন। তিনি শুধু চুনারুঘাটের কল্যাণেই নিবেদিত ছিলেন না। হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দুটিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন। স্বেচ্ছাশ্রমের এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পান।

দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন। মুসলিম উদ্দিন চুনারুঘাটে অসংখ্য শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের এবং পরবর্তীকালে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে তিনি চুনারুঘাটের শ্মশান কমিটিরও সভাপতি ছিলেন। তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।

ড. মো. ইব্রাহীম খলিল

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান ভূতত্ত্ববিদ ড. মো. ইব্রাহীম খলিল (৪৮) গত বছর এই দিনে করোনায় আক্তান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার একমাত্র ছোট ভাই মোহাম্মদ ইসমাইল বিজ্ঞাপনী সংস্থা গাঙচিল লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

 

 

০