সৌদি নাগরিক জড়িত ছিল, সরকার নয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলাকারীদের দু’জনের সাথে কিছু সৌদি নাগরিকের যোগাযোগের নতুন দলিলপত্র প্রকাশ করেছে এফবিআই। ছিনতাই করা বিমান দিয়ে চালানো ওই হামলায় নিহত হয়েছিল প্রায় তিন হাজার মানুষ। নিহতদের স্বজনদের অনেকে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন এসব গোপনীয় দলিল ‘ডিক্লাসিফাই’ অর্থাত্ প্রকাশ করার জন্য। তাদের যুক্তি ছিল, সৌদি কর্মকর্তারা এ আক্রমণ সম্পর্কে আগে থেকেই অবহিত ছিলেন, কিন্তু তা ঠেকানোর কোন চেষ্টা করেননি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সদ্য-প্রকাশিত ১৬ পৃষ্ঠার এ দলিলে ৯/১১র বিমান ছিনতাইকারীদের দু’জনের সাথে বেশ কয়েকজন সৌদি নাগরিকের যোগাযোগের কথা আছে। তবে এর সঙ্গে সৌদি সরকারের কোনও সংশ্লিষ্টতার প্রমাণ নেই। সেদিনের হামলায় ১৯ জন বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক।

ওয়াশিংটনের সৌদি দূতাবাস এসব গোপনীয় দলিল প্রকাশকে অভিনন্দন জানিয়েছে। ওই বিমান ছিনতাইকারী ও সৌদি রাজতন্ত্রের মধ্যে কোন সম্পর্কের কথা আবারো অস্বীকার করেছে তারা।

দলিলে কী আছে : দলিলটি মোট ১৬ পাতার এবং এর বহু অংশই কালি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তাই মিডিয়ার পক্ষে পুরোটা জানা সম্ভব হয়নি। এটির ভিত্তি হচ্ছে একটি সূত্রের সাক্ষাত্কার - যার পরিচয় গোপন রাখা হয়েছে, এবং তাকে শুধু পিএলএল নামে উল্লেখ করা হয়েছে। এতে ৯/১১-র দু’জন বিমান ছিনতাইকারী নওয়াফ আল-হাজমি এবং খালিদ আল-মিদারের সাথে বেশ কয়েকজন সৌদি নাগরিকের যোগাযোগের কথা বলা হয়েছে। এই ছিনতাইকারীরা ২০০০ সালে ছাত্র পরিচয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। এফবিআইয়ের মেমোতে বলা হয়েছে, তারা ওমর আল-বাইউমির কাছ থেকে বড় রকমের ‘লজিস্টিক’ সহায়তা পান। সে সময় আল-বাইউমির আনুষ্ঠানিক মর্যাদা ছিল যে তিনি একজন ‘ছাত্র’। কিন্তু তা সত্বেও লস এঞ্জেলেসের সৌদি কনস্যুলেটে তার নিয়মিত আসা-যাওয়া ছিল। সূত্রটি এফবিআইকে বলেছে, কনসু্যূলেটে এই বাইউমির মর্যাদা ছিল অত্যন্ত উঁচু। মেমোতে বলা হয় : হামজি ও মিদাকে বাইউমি যে সহায়তা দেন - তার মধ্যে ছিল, অনুবাদ, ভ্রমণ, থাকার জায়গা দেয়া এবং অর্থায়ন। এফবিআইয়ের দলিলে আরো বলা হয়, লস এঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদের একজন রক্ষণশীল ইমাম ফাহাদ আল-থুমাইরির সাথেও এই দুই ছিনতাইকারীর যোগাযোগ ছিল।  বাইউমি এবং থুমাইরি - দু’জনই ৯/১১ হামলার কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।