বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩

সরকার ঘোষিত সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ১৭ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে বরিশালে। বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল রবিবার উত্সবমুখর পরিবেশে পাঠদান শুরু হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। করোনা মহামারির কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে না পারায় অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই ঝরে পড়েছে। বিদ্যালয়ে আসতে পারায় শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রতিটি স্কুলের সামনে শিক্ষার্থীদের অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বরিশাল জিলা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। স্কুলের প্রবেশ পথে প্রথমেই সবার তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর হাত স্যানিটাইজ করে বিদ্যালয়ে প্রবেশ করতে হয় সবাইকে। একটি বেঞ্চে দুই জন শিক্ষার্থীকে বসিয়ে পাঠদান করা হয়েছে। একই চিত্র দেখা গেছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজেও। শিক্ষার্থীরা বলেছে, আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরেছি আমরা। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধ থাকায় শিক্ষার্থীরা ছোটাছুটি করতে পারছে না। আপাতত ৫ম ও দশম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে ছয় দিন এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে হবে।

মথুরানাথ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, স্কুলের প্রধান গেটে ‘নো মাস্ক নো স্কুল’ লেখা ব্যানার লাগানো হয়েছে। যে শিক্ষার্থীরা মাস্ক পরেনি তাদের আমরা মাস্ক সরবরাহ করেছি। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়েছে।