আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে :কাদের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কার অধীনে হবে সেটা মীমাংসিত বিষয়। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। কোনো পক্ষপাত হবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। গতকাল রবিবার সকালে ঢাকা জোনের অধীনে ৯টি সেতু উদ্বোধন ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তিনি এসব কথা বলেন।

‘নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশন ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, এ ধরনের হুমকি প্রতিটি জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নিয়মিতই দিয়ে আসছে, এতে নতুনত্ব নেই। বিএনপি নেতাদের এসব আস্ফাালন আষাঢ়ের তর্জনগর্জন সার। সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, কাকে হুঁশিয়ারি দিচ্ছেন? এসব হুমকি-ধমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। নির্বাচনি ব্যবস্থা কীভাবে জোরদার করা যায়, সে নিয়ে আলোচনা হতে পারে, তবে কোনো হুমকি-ধমকি দিয়ে নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই। তাহলে মির্জা ফখরুল সাহেবই বলুন, নিরপেক্ষতার সংজ্ঞা কী? বিএনপি নির্বাচনকে ভয় পায়, ভয় পায় জনগণকে। তাই তারা নির্বাচনে অংশ নিলেও প্রচার-প্রচারণা করে না। আবার প্রচার-প্রচারণা চালালেও নির্বাচনের দিন কেন্দ্রে যায় না কিংবা দুপুরের আগেই কেন্দ্র ছেড়ে চলে যায়। তাই জনগণ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনে অংশ নেয় জেতার জন্য নয়, তারা নির্বাচনব্যবস্থাকে বিতর্কিত করতেই নির্বাচনে অংশ নেয়।

সারা দেশে চলমান সড়ক এবং সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনাকালের ধীরগতি এখন পুষিয়ে দিতে হবে। আগামী বছর পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বিআরটি প্রকল্প উদ্বোধন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী। সারা দেশে প্রায় ৭২টি সেতু নির্মাণাধীন রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এসব কাজ সম্পন্ন হলে দেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। যাত্রাবাড়ী সুলতানা কামাল সড়কের জনভোগান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বিষয়টির প্রতি গুরুত্বসহকারে নজর দিতে হবে। বনশ্রী-আশুলিয়া-ডেমরা সড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুত করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক সড়ক নিরাপত্তায় অর্থায়ন করবে বলে বারবার আগ্রহ প্রকাশ করেও সময়ক্ষেপণ করছে। এমতাবস্থায় তারা যদি আবারও বিলম্ব করে, তাহলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ঢাকা সড়ক জোনের অধীনে গতকাল ‘বিশ্ব ইজতেমা সড়ক’ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দৃষ্টিনন্দন ৯টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর এবং ধামরাই প্রান্তে সংসদ সদস্য বেনজির আহমদ।