ওসমানীনগরে এটিএম বুথে ডাকাতি, ২৪ লাখ টাকা লুট

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৬

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রাতের আঁধারে ঐ বুথের সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে বুথ ভেঙে নগদ ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে গেছে বলে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ থানা পুলিশ সূত্রে জানা গেছে।

গত শনিবার রাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকা ইউসিবির ফাস্ট ট্র্যাক এটিএম বুথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রবিবার সকালে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ব্যাংক কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখা রয়েছে। একই বিল্ডিংয়ের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে ঐ ফাস্ট ট্র্যাক এটিএম বুথটি। শনিবার রাত ৪টায় ডাকাত দলের সদস্যরা বুথের সিকিউরিটির দ্বায়িত্বে থাকা ব্যক্তিকে               বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বুথ ভেঙে বুথে থাকা ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। রবিবার ভোরে স্থানীয়রা বুথের গার্ডকে এই অবস্থায় দেখে থানা পুলিশসহ ব্যাংক সংশ্লিষ্টদের খবর দেন। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।